মীর কাসেমের ফাঁসির রায় বহালে রাজশাহীতে সন্তোষ প্রকাশ

জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর মৃত্যুদন্ড বহালের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজশাহী মহানগরীর মানুষ। রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মুনিরুজ্জামান বলেন, 'আপিল বিভাগের এই রায়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত কাসেম আলীর এই দন্ডাদেশ কার্যকরের অপেক্ষায় রয়েছি।'
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর সাইদুর রহমান আপিল আবেদন খারিজে সন্তোষ প্রকাশ করেন।  তিনি বলেন, 'জাতি দীর্ঘদিন থেকে যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ডের দাবি জানিয়ে আসছে। এর আগে জামায়াত নেতাদের দেয়া রায়কে কেন্দ্র করে যারা দেশে অরাজকতা ও নৈরাজ্যের সৃষ্টি করেছিলো। তাদের বিরুদ্ধেও সরকারের কঠোর ব্যবস্থা নেয়া উচিত।'  তার মতে যুদ্ধাপরাধের কলঙ্ক ও অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে সব যুদ্ধাপরাধী মৃত্যুদন্ড ছাড়া কোন বিকল্প নেই।
 
তিনি বলেন, '৪৫ বছর ধরে স্বাধীনতার পক্ষের মানুষ এই বিচারের দাবি জানিয়ে আসছেন। মানুষের আকাঙ্খা সফল করতে সকল যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদানের কোন বিকল্প নেই।'
 
রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, 'এই রায়ের মাধ্যমে নতুন প্রজন্ম জামায়াত নেতাদের নির্মম কর্মকান্ড সম্পর্কে জানতে পারবে।'