ডোমারে অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব ছাই

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামে মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের পাটের গুদাম, ৬টি বসতঘরসহ আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
 
ডোমার দমকল বাহিনীর একটি ইউনিট প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
এলাকাবাসী জানায়, রাত সোয়া তিনটার দিকে ওই গ্রামের লিয়াকত আলীর পাটের গুদামে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। ওই আগুনে গুদাম সংলগ্ন লিয়াকত আলীর ৬টি আধাপাকা বসতঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় একটি গাভি, দু’টি ছাগল ও হাঁস মুরগি।
 
ডোমার দমকল বাহিনীর দল নেতা শামছুল হক বলেন, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে জানান তিনি।