বিমান বাহিনীর তহবিল থেকে ২০ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে বাড়ি কেনার অভিযোগ আনা হয়েছে নাইজেরিয়ার সাবেক প্রতিরক্ষা প্রধান এয়ার চিফ মার্শাল অ্যালেক্স বাদেহের বিরুদ্ধে। চুরি করা এই অর্থ বাংলাদেশি টাকায় প্রায় ১৬০ কোটি টাকার সমান।
চুরির সঙ্গে তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা, মানি লন্ডারিংসহ ১০টি অভিযোগ করা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অ্যালেক্স বাদেহ।
সম্প্রতি অবসর নেয়া অ্যালেক্স বাদেহকে দুই বছর আগে তাকে প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব দেয়া হয়েছিল। জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারার সমালোচনার মুখে অ্যালেক্স বাদেহকে প্রতিরক্ষা প্রধান নিযুক্ত করেছিল সরকার।
নাইজেরিয়া থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, দেশটিতে আরও বেশ কয়েক জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর তহবিল থেকে কয়েক বিলিয়ন ডলার লুটে নেয়ার অভিযোগ রয়েছে।
চুরি করা এই অর্থ দিয়ে সাবেক অ্যালেক্স বাদেহ রাজধানী আবুজায় একটি বাংলোসহ প্রচুর স্থাবর সম্পত্তি ক্রয় করেছেন। সেই সঙ্গে তার একটি বাড়ি থেকে এক মিলিয়ন ডলার সমপরিমাণ নগদ অর্থও জব্দ করা হয়েছে। সূত্র: বিবিসি