'নারীদের প্রতিনিধিত্বমূলক প্রতিযোগিতায় সুযোগ করে দিতে হবে'

নারীদের প্রতিনিধিত্বমূলক প্রতিযোগিতায় অংশ গ্রহণে সুযোগ করে দিতে পুরুষদের সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
 
মন্ত্রী মঙ্গলবার রাজধানীতে ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেমিনার হলে ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর উইমেন প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এসময় তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন। 
 
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন 'মনোনয়ন দেয়ার জন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নারী প্রার্থী পাওয়া যায় না। তৃণমূলের সব দলে নারীরা উপেক্ষিত। পুরুষরা নারীদের এগিয়ে আসতে দেয় না। নারীদের প্রতিনিধিত্বমূলক পদে প্রতিযোগিতার সুযোগ দিতে হবে। এ ক্ষেত্রে পুরুষদের মানসিকতার পরিবর্তন করে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।'
 
 
সকলকে ভাল কাজের দৃষ্টান্ত স্থাপনের আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, কথা কম বলতে হবে, কাজ বেশী করতে হবে। ভাল কাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারলেই আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে।