এক ঘণ্টা মামলা পরিচালনার সুযোগ পেলেন নারী আইনজীবীরা

আন্তর্জাতিক নারী দিবসে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে মঙ্গলবার সোয়া এক ঘণ্টা শুধুমাত্র নারী আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ দিয়েছেন ওই বেঞ্চের বিচারকগণ। এ সময় প্রায় ৩০/৪০টি মামলার শুনানিতে অংশ নেন আইনজীবীরা। 
 
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ নারী দিবসের প্রতি একাত্মতা প্রকাশ করে এই সুযোগ দেন। 
 
মঙ্গলবার বিকাল ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত নারী আইনজীবীরা এই বেঞ্চে মামলা পরিচালনায় অংশ নেন। বিষয়টি ইতিবাচকভাবে দেখেছেন ওই আইনজীবীরা।
 
ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, নারী দিবসকে সামনে রেখেই হাইকোর্ট এই উদ্যোগ নেন। ওই সময়ে ৩০ জন নারী আইনজীবী বিভিন্ন মামলার শুনানিতে অংশ নেন বলে জানান তিনি।