মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া জানিয়েছে তারা নিখোঁজ এমএইচ ৩৭০ বিমানটি পাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী। ২৩৯ জন যাত্রী নিয়ে ২০১৪ সালের ৮ মার্চ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়।
অস্ট্রেলিয়ার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ভারত মহাসাগরের দক্ষিণে ১২ হাজার কিলোমিটার এলাকায় অভিযান চালাচ্ছে। জুন নাগাদ ঐ এলাকায় উদ্ধার অভিযান শেষ হবে। নিখোঁজ বিমান না পাওয়া গেলে বিকল্প পথ বিবেচনা করবে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীন সরকার। শুধু ইউনিয়ন দ্বীপে বিমানটির ভাঙা একটি টুকরো পাওয়া গেছে। মালয়েশিয়ার অনুসন্ধানকারীরা বলেছে তারা প্রাপ্ত তথ্য এখনও পর্যালোচনা করছে। গতকাল মঙ্গলবার অনুসন্ধানকারী দলের প্রধান কক সু চুন বলেন, আমরা এখন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপসংহার টানার চেষ্টা করছি। অনুসন্ধানকারী দলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের বিশেষজ্ঞরাও আছেন। উদ্ধার অভিযানে এ পর্যন্ত ১৩ কোটি ডলার খরচ হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, তিনি নিখোঁজ বিমানটি উদ্ধারের ব্যাপারে এখনও আশাবাদী।