গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর আলিফ (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নদীতে লাশ ভেসে উঠলে শিশুর স্বজনরা লাশ উদ্ধার করে।
আলিফ উপজেলার রায়নন্দা গ্রামের হানিফ মিয়ার ছেলে। সে স্থানীয় রায়নন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, গত সোমবার উপজেলার রায়নন্দা এলাকায় বাড়ির পাশে নদী তীরে অন্যদের সাথে খেলতে যায় আলিফ। এসময় হঠাৎ সে নদীতে পড়ে যায় বলে তার ছোট ভাই বাড়িতে এসে খবর দেয়। স্থানীয়রা অনেক তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে না পারলে কাপাসিয়া উপজেলা প্রশাসন ডুবুরিকে খবর দেয়। ডুবুরিরাও ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজেও শিশুটির সন্ধান পায়নি। আজ সকাল লাশটি ভেসে ওঠে।