সালমানকে শাহরুখের ‘সারপ্রাইজ’

আগামী ঈদে মুক্তি পাবে সালমান খানের ‘সুলতান’ এবং শাহরুখ খানের ‘রইস’। এতে বক্স অফিসে টক্কর লাগবে দুই খানের। তাতে কি! বন্ধুত্ব যেমন আছে তেমনই থাকবে। আচমকা ‘সুলতান’ এর সেটে ‘ভাইজান’ এর সাথে দেখা করে সে কথাই জানান দিলেন শাহরুখ খান।
 
দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, শাহরুখ যখন দেখা করতে যান তখন গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গানের শুটিংয়ে ব্যস্ত সালমান। ফারহা খানের কোরিওগ্রাফ করা সেই গানে রয়েছেন আনুশকা শর্মাও।
 
সূত্রমতে, ‘সুলতান’ এর শুটিং সেটের কাছেই শাহরুখের ‘রইস’ এর শুটিং চলছিল। সালমানের ঘোষিত ‘ফ্যান’ শাহরুখ হুট করেই ঠিক করেন, ‘হরিয়ানা কা শের সুলতান’ এর সঙ্গে দেখা করে ‘সারপ্রাইজ’ দেবেন। যেমন ভাবা তেমন কাজ!
 
বেশ কিছু দিন পর দুই খানের দেখা হলে অনেকক্ষণ তারা গল্পসল্প সেরে যে যার শুটিং সেটে ফিরে যান।
 
অবশ্য ‘ভাইজান’ এর প্রতি ‘বাদশা’র এত ভালবাসা যে আগামী ছবি ‘ফ্যান’ এর প্রচারের অংশ, সেটা বলাই বাহুল্য।