পাবনায় পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হচ্ছেন, সদর উপজেলার জহিরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে রব্বেল হোসেন (২৭) ও রাজাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে কাওসার হাসান ওরফে কামরুল (২৭)। তারা দুইজনই অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে  র‌্যাব।
 
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার এএসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান (পিএএম) ও এএসপি আব্দুল হাই সরকারের নেতৃত্বে র‌্যাবের একটি দল পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গোল চত্বরের দক্ষিণে গলির ভেতরে অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন ও দু’টি মোবাইল ফোনসহ ওই দুইজনকে আটক করেন।