বিচারের শেষ পর্যায়ে থাকা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আবেদনে এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে হারুন অর রশিদ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
বুধবার খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন সংশ্লিষ্ট শাখায় দাখিল করেন।
বাতিল আবেদনে বলা হয়, তদন্তকারী হারুন অর রশিদ খান জেরার এক পর্যায়ে বলেছেন, 'দুদকের উপ-পরিচালক আসলাম হোসেন আমাকে এ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। নিয়োগকালীন সময়ে তিনি আমার একধাপ উপরে ছিলেন। আমাকে যে নিয়োগ দেয়া হয়েছে। সেই নিয়োগের অনুলিপি দুদকের কমিশনারকে দেয়া হয়নি। এমনকি কোনো প্রজ্ঞাপনও জারি হয়নি।'
আবেদনে তদন্তকারী কর্মকর্তা নিয়োগের প্রশ্নে বলা হয়, দুদক আইনের ১৮ ধারা অনুযায়ী দুদক কমিশন কর্তৃক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে যে টুকু দায়িত্ব অপর্ণ করা হয়, তত টুকুই দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়া দুদকের ২০ এর ১ ধারা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগের ক্ষমতা একমাত্র দুদক কমিশনারদের।
অতএব, একজন উপ-পরিচালক তদন্তকারী কর্মকর্তা নিয়োগের ক্ষমতা নেই। তাই এ মামলায় হারুন অর রশিদ খানকে নিয়োগ দেয়া বেআইনি হয়েছে। এ মামলা চলতে পারে না বলে আবেদনে জানানো হয়।