খুলনায় প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৫

 
খুলনায় নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের স্টার জুটমিল গেটে এই ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।
 
আহতরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী ও দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, তার কর্মী সেলিম মল্লিক, মুরাদ মল্লিক, বাদশা মল্লিক ও সিদ্দিক হাওলাদার।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রকিব মল্লিক তার কর্মী-সমর্থকদের নিয়ে সকালে নির্বাচনী প্রচারণায় বের হন। তারা স্থানীয় স্টার জুটমিল ১ নম্বর গেটে পৌঁছালে একই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়া গাজীর ভাই গাজীর নেতৃত্বে আনুসহ ২০/২৫ জনের একটি দল তাদের ওপর লাঠিসোঠা ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে সেলিম মল্লিক ও সিদ্দিক হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিত্সা নিচ্ছেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সেনহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ বধন চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি।
 
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন। তাই এ বিষয়ে কিছু বলতে পারছেন না।