জামায়াতের ডাকা হরতালে মানুষ সাড়া দেয়নি

জামায়াতে ইসলামীর ডাকা বুধবার সকাল সন্ধ্যা হরতালে দেশব্যাপী জনজীবন স্বাভাবিক ছিল। দেশের মানুষ এই হরতালে সাড়া দেয়নি। রাজধানী ঢাকাসহ সারা দেশে অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে।
 
একাত্তরের মুক্তিযুদ্ধে মনবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদন্ডাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ গতকাল বহাল রাখার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জামায়াত।
 
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার হরতালের চলমান বিষয়ে বলেন, 'হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সকাল থেকেই বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।'
 
তিনি আরও বলেন, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় আছে। জন নিরাপত্তার স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে।' হরতাল চলাকালে রাজধানীর কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি এই কথা উল্লেখ করে মারুফ হোসেন বলেন, 'এ হরতালে রাজধানীর জনজীবনে প্রভাব পড়েনি। সকাল থেকে নগরীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।'