'কন্যা শিশুর বিয়ের বয়স আঠারোতেই থাকবে। দারিদ্রতা, শিক্ষার অভাবসহ যেসব কারণে বাল্য বিয়ে হয় তা কমিয়ে আনতে এবং প্রতিরোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।' মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বুধবার শিশু একাডেমী অডিটোরিয়ামে বক্তৃতাকালে এই কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে শিশু একাডেমী অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কৃতী নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সভাপ্রধান ও সহসভাপতি শাহীন আক্তার জলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান।
পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হলে সমাজে নারীর প্রতি বৈষম্য থাকবে না উল্লেখ করে চুমকি বলেন, 'দেশে ২ কোটির মতো কন্যাশিশু রয়েছে। এদের পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করলে তারা পরবর্তীতে সুস্থ ও গঠনমূলক জাতি উপহার দিবে এবং দেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে।'
প্রতিমন্ত্রী বলেন, 'নারীকে কেউ পথ দেখিয়ে দিবে না। নারীর উন্নয়নের পথ তাকেই তৈরি করতে হবে। নিজেদেরকে প্রস্তুত করতে হবে শিক্ষা ও সচেতনতার সঙ্গে, তবেই তারা মর্যাদাসম্পন্ন জাতি উন্নয়নে ভূমিকা রাখবে।'
এর আগে সকাল পৌনে ৯ টায় রাজধানীর টিএসসি মোড় থেকে বাংলাদেশ শিশু একাডেমী পর্যন্ত এক র্যালী অনুষ্ঠিত হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপরে একই অনুষ্ঠানে 'নারীর কথা-১১' নামক একটি জার্নাল এর মোড়ক উন্মোচন করা হয়।