মির্জা আব্বাসের জামিন মঞ্জুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি এর আহ্বায়ক মির্জা আব্বাসকে রাজধানীর শাহবাগ থানায় দুদকের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট বুধবার জামিন মঞ্জুর করেছে।
 
এই মামলায় জামিন প্রশ্নে ইতোপূর্বে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
 
মির্জা আব্বাসের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন এডভোকেট সগীর হোসেন লিওন। দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশীদ আলম খান।
 
আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, 'এ মামলায় মির্জা আব্বাসের জামিনের মেয়াদ মামলার বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে বলে আদালতের আদেশে বলা হয়েছে। মির্জা আব্বাসের বিরুদ্ধে আনা সব মামলায় তিনি জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই।'
 
উল্লেখ্য, বিএনপি এর নেতৃত্বাধীন জোট সরকারের আমলে মির্জা আব্বাস মন্ত্রী থাকা অবস্থায় সাংবাদিকদের প্লট বরাদ্দ দিয়ে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক।