এক জেএমবি সদস্যের ফাঁসি কমিয়ে আমৃত্যু কারাদন্ড

সিলেটে বিশেষ জজ আদালতের এক বিচারকের ওপর বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য আক্তারুজ্জামানের ফাঁসির দন্ড কমিয়ে আমৃত্যু কারাদন্ড দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ বুধবার এই রায় দেন।
 
আসামিপক্ষের আইনজীবী দেলওয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, আসামির বয়স বিবেচনা করে আদালত তাকে মৃত্যুদন্ডের পরিবর্তে আমৃত্যু কারাদন্ড দিয়েছে। ২০০৫ সালের ১৮ অক্টোবর সিলেটের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী বিচার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন।
 
বিকাল পাঁচটার দিকে বিপ্লব গোস্বামী কুমারস্থ পাড়ার বাসার সামনে গাড়ি থেকে নামার সাথে সাথে আগে থেকেই ওৎ পেতে থাকা এই জেএমবি সদস্য আক্তারুজ্জামান বিচারককে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে বিচারক বিপ্লব গোস্বামী গুরুতর আহত হন।
 
এই ঘটনায় ওই বিচারকের গাড়ির চালক মোহম্মদ আবদুস সালাম সিলেটের কোতয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের দ্রুত বিচার ট্রুাইব্যুনাল আক্তারুজ্জামানকে মৃত্যুদন্ডের আদেশ দেয়।
 
পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি আক্তারুজ্জামান। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আপিল আবেদন শুনানির জন্য হাইকোর্টে আসে। ২০১৩ সালের ১৩ এপ্রিল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি শাহিদুল করিমের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের দেয়া রায়ই বহাল রাখে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি আক্তারুজ্জামান।
 
বুধবার এই আপিলের পক্ষে শুনানি করেন এডভোকেট দেলওয়ার হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান।