যশোরে গুলিতে ছাত্রলীগ নেতা আহত

যশোরে পুলিশের গুলিতে আরিফ হোসেন (২২) নামে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।
 
বুধবার ভোররাতে শহরতলী শেখহাটি কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরিফ শেখহাটি এলাকার আবুল হোসেনের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গুলিবিদ্ধ আরিফকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহত আরিফ হোসেনের ভাই মামুন হোসেন দাবি করেন, মঙ্গলবার রাতে নওয়াপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী নাসরিন সুলতানা খুশির নির্বাচনী প্রচারণা শেষে আরিফ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুলিশ তাকে ধরে পায়ে গুলি করে। এ সময় আরিফের হাত ভেঙে দেয়া হয়।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন দাবি করেছেন, মঙ্গলবার গভীর রাতে মোটরসাইকেলে করে আরিফ ও তার সহযোগী যাচ্ছিল। পুলিশ শহরতলী শেখহাটি কালিতলা এলাকায় চেকপোস্টে তাদের থামানোর চেষ্টা করে। একপর্যায়ে আরিফ ও তার সহযোগী রামদা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এতে আরিফ বাম পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তার কাছ থেকে ১টি পিস্তল, ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা ও চাকু উদ্ধার করা হয়েছে।  আরিফের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
 
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল দাবি করেছেন, ছাত্রলীগ নেতা আরিফকে পুলিশ বাড়ির সামনে থেকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে।