রাজধানীর ওয়ারী থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ বলছে, নিহত শাপলা পারভীন (২২) ওই বাসায় আরো কয়েকজন তরুণীর সঙ্গে ভাড়ায় থাকতেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
ওয়ারী থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় ওয়ারীর ভজহরি রোডের খানমঞ্জিলের একটি ছয় তলা ভবনের ষষ্ঠতলায় এ ঘটনা ঘটে।
 
তিনি বলেন, ষষ্ঠতলার ওই বাসায় কয়েকজন তরুণীর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন শাপলা । সন্ধ্যার পর স্থানীয়দের কাছে খবর পেয়ে বাসার শৌচাগারের ভেন্টিলেটর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
 
হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত আর্মড পুলিশের এসআই মো. জুলহাস জানান, রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ওয়ারীর এসআই মোয়াজ্জেম।