ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় মজিবর রহমান (৪০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মজিবর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার বাইচাইল গ্রামের খেদান মিয়ার ছেলে। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে রাস্তার পার হওয়ার সময় পাটুরিয়াগামী একটি ট্রাক মজিবরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন।
মানিকগঞ্জ সদর থানার এসআই রহমত আলী জানান, লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক মো. আশরাফ হোসেনকে আটক করা হয়েছে। তিনি সাভারের নগরকুন্ডা গ্রামের মো. মজিবরের ছেলে।