ডেমরা থেকে ৭০ হাজার ইয়াবাসহ তানভীর হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। একই রাতে পৃথক দুই অভিযানে ডিবি মাতুয়াইল ও কাকরাইল থেকে আরও নয় হাজার ইয়াবা উদ্ধার করেছে। এসব অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে অভিযান চালিয়ে তানভীর হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছে পাওয়া যায় ৭০ হাজার ইয়াবা। এর আগেও ইয়াবাসহ গ্রেফতার হওয়া তানভীর নিজেকে কলেজ ছাত্র বলে পরিচয় দেয়। তার দাবি, ঢাকায় এক ব্যক্তির কাছে ইয়াবা পৌঁছে দেয়ার দায়িত্ব ছিল তার। এজন্য তাকে ১০ হাজার টাকা দেয়া হয়। ইয়াবা বহনে ব্যবহূত একটি প্রাইভেটকার জব্দ করেছে ডিবি। এটির মালিককে খোঁজা হচ্ছে।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে পল্টন থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলো-বাবুল মিয়া ও প্রিয়তোষ মজুমদার। প্রায় একই সময়ে যাত্রাবাড়ির মাতুয়াইলে অপর অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ আব্দুল মালেক নামে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসে এই ব্যবসায়ীরা। তারা ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রেনে নানা কৌশলে এসব চালান আনে। ঢাকায় পাইকারি বিক্রেতারা ইয়াবা মজুত করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে।