অর্থ পাচারের একটি তদন্তে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার বিরুদ্ধে অভিযোগ গঠন করছেন ব্রাজিলের সাও পাওলোর সরকারি আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি বলছে, বুধবার সরকারি আইনজীবীদের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসে একটি বড় ধরনের দুর্নীতির তদন্তের অংশ হিসেবে লুলার বিরুদ্ধে অভিযোগগুলো গঠন করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। তবে লুলা দাবি করেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রাষ্ট্রীয় আইনজীবীরা জানিয়েছেন, ব্যয়বহুল অবকাশ কেন্দ্র গুয়ারুজা শহরে লুলা ও তার স্ত্রী মারিসা লেতিসিয়ার একটি অঘোষিত সমুদ্রমুখি অ্যাপার্টমেন্ট রয়েছে বলে সন্দেহ করছেন তারা। কেন্দ্রীয় সরকারের অধীনে দুই বছর ধরে চলা তদন্তের অংশ হিসেবে এক দুর্নীতি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য লুলাকে শুক্রবার আটক করা হয়েছিল। তবে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নির্দিষ্ট করে জানাতে অস্বীকার করেছেন সরকারি আইনজীবীদের ওই মুখপাত্র। লুলার পক্ষের আইনজীবীরাও অভিযোগগুলোর বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা আট বছর ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন বামপন্থি ওয়ার্কার্স পার্টির নেতা লুলা। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকা সত্বেও সাবেক কারাখানা কর্মী ও শ্রমিক নেতা লুলা ব্রাজিলের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব।