তালায় আওয়ামী লীগ প্রার্থীর উপর বিদ্রোহী প্রার্থীর হামলা, আহত ৫

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর উপর হামলা করেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় প্রণব ঘোষ বাবলুসহ পাঁচজন মারাত্মক আহত হয়েছেন। তিনি খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হরিৎচন্দ্র পুজা মন্দির সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে।
 
এলাকবাসী জানান, প্রণব ঘোষ বাবলুকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়। আর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার রাজু আহমেদকে দল মনোনয়ন না দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।
 
প্রনব ঘোষ বাবলুর সমর্থকদের অভিযোগ, রাজুর লোকজনই গনসংযোগের সময় হামলা চালায়। এ সময় রড দিয়ে তার মাথায় ও শরীরে মারধর করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান প্রনব ঘোষ বাবুলসহ পাঁচজন মারাত্মক আহত হয়েছেন।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামরুল ইসলাম জানান, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলুসহ পাঁচজন মারাত্মক আহত হয়েছেন।