দক্ষিণাঞ্চলের ‘চরমপন্থী অমল বাহিনীর’ প্রধান অমল কৃষ্ণ মণ্ডলকে দুই সহযোগীসহ ভারতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির জানান, মঙ্গলবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে অমলকে গ্রেফতার করা হয়।
এর আগে গত শনিবার কৃষ্ণনগর থানা সুদান মণ্ডল ওরফে সুদাং কুমার মণ্ডল (৩৫) ও আব্দুল ওহাব মণ্ডলকে (৩০) গ্রেফতার করে। অমল রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের ভোলানাথ মণ্ডলের ছেলে। সুদান মণ্ডল কথিত ওই বাহিনীর দ্বিতীয় প্রধান এবং আব্দুল ওহাব মণ্ডল তাদের সহযোগী।
পুলিশ সদর দফতরের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে এসপি জানান।