মুন্সীগঞ্জে বাসচাপায় গৃহবধূর মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় আসমা বেগম (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আসমা বেগম উপজেলার বড় বাউশিয়া এলাকার জাকির হোসেনের স্ত্রী।
 
উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. কামরুজ্জামান জানান, আসমা বেগম সন্তান জন্মের ১২ দিন পর সিজারিয়ানের অস্ত্রপচারের সেলাই কাটার জন্য একই উপজেলার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় এসে মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী যাত্রীবাহী বাস আসমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।