১৯৯৭ সালে নির্বিচারে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করার দায়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় বলে জানান যুক্তরাষ্ট্রের এক কারা কর্মকর্তা।
ওই ব্যক্তির বেপরোয়া গুলিবর্ষণে নিহতদের মধ্যে তার সাবেক স্ত্রী ছিল। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাতকারে স্থানীয় কারা প্রশাসনের মুখপাত্র বলেন, ইনজেকশনে বিষ প্রয়োগ করে সাবেক নিরাপত্তা প্রহরী কয় ওয়েসব্রুকের (৫৮) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
স্থানীয় সময় রাত ৮ টা ৪ মিনিটে (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ০২০৪ টা) তাকে মৃত ঘোষণা করা হয়। চলতি বছরে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর টেক্সাসেই তিনি চতুর্থ।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৭ সালের নভেম্বরে ওয়েসব্রুক তার সাবেক স্ত্রীর আমন্ত্রণে তাকে দেখতে যায়। সে মনে করেছিল এতে তাদের মধ্যে দ্বন্দ্ব মিটে যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে সে তার স্ত্রীর সঙ্গে আরো অনেক নারী-পুরুষকে দেখে। মূলত এটি ছিল একটি খোলামেলা পার্টি। সেখানে এক পর্যায়ে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখে ওয়েসব্রুক রাগান্বিত হয়ে তার বন্দুক নিয়ে বেপরোয়া গুলি চালায়। এতে তার সাবেক ওই স্ত্রীসহ পাঁচজন নিহত হয়।
যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড তথ্য কেন্দ্র থেকে জানা যায়, ২০১৫ সালে দেশটিতে মোট ২৮ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়। ১৯৯১ সালের পর থেকে এ সংখ্যা ছিল সবচেয়ে কম। এএফপি