বিএনপি নেতা সুমনের নিরুদ্দেশ প্রশ্নে হাইকোর্টের রুল

 
ঢাকা মহানগর বিএনপি'র ২৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন আইন শৃঙ্খলা বাহিনী কতৃক অপহরণ, আটক বা নিরুদ্দেশ করাকে কেন আইনগত কতৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র‍্যাব মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক সহ ১৩ জনকে ১ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
হেবিয়াস কর্পাস আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শাহিদুল হকের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।
 
২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনী কতৃক সুমন অপহরণের শিকার হন বলে রিট আবেদনে উল্লেখ করা হয়। দীর্ঘ ২ বছরের বেশি সময় পার হলেও তাকে খুঁজে না পাওয়ায় সুমনের মা হাজিরা খাতুন হাইকোর্টে এই আবেদন দায়ের করেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি সাংবাদিকদের এই রুলের বিষয়টি অবহিত করেন।