আমরা যা আগে শুরু করেছিলাম সেটি এখন বিশ্বের অনেক দেশ করছে :ড. আতিউর রহমান

বাংলাদেশ ইতোমধ্যেই মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। তিনি আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে কর্মকৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, এই সাফল্য অর্জনে কেন্দ্রীয় ব্যাংকের সুদূর প্রসারী ভূমিকা ছিল যা সরকারের সমর্থনে আরো ত্বরান্বিত হয়েছে। প্রযুক্তির ব্যবহার আর্থিক অন্তর্ভুক্তিকে সহজ করেছে। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং

দেশের মানুষদের আর্থিক অন্তর্ভুক্তি সহজ করেছে। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের আর্থিক কার্যক্রমে নিয়ে আসার মাধ্যমে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো তৈরি হয়েছে। কৃষক, স্কুল শিক্ষার্থী, হতদরিদ্ররাও ব্যাংকিং সেবার আওতায় চলে এসেছে। এর সুফল আসছে সামগ্রিক অর্থনীতিতে। তিনি বলেন, আমরা যা আগে শুরু করেছিলাম সেটি এখন বিশ্বের অনেক দেশ করছে। তার মতে, বাংলাদেশের এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং অনুকরণের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশও সুফল পেতে পারে।