নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। ওই যুবকের নাম লিখন (৩৫)। এ সময় তার সঙ্গে থাকা হৃদয় ও জামাল নামের দুই যুবককে পিটিয় গুরুতর আহত করা হয়। আহতদের নগরীর খানপুরের তিনশ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাদ্দাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, সকাল সাড়ে ৮টায় শান্তিনগর এলাকার সূরুজ মিয়ার চার ছেলে মাদক ব্যবসায়ী সানি, মঞ্জুর, বায়েজিদ ও সাদ্দাম মিলে লিখনকে তার বাড়ি থেকে লোক দিয়ে ডেকে এনে চোর অপবাদ দিয়ে বেধড়ক পেটায়। লিখনের সঙ্গে থাকা হৃদয় ও জামালকেও মারধর করা হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান লিখন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ১শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত লিখন শান্তিনগর এলাকার আমানউল্লার ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, মাদক ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জেরে চুরির অপবাদের নাটক সাজিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।