সরাইলে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জায়গায় নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
 
বৃহস্পতিবার উপজেলার শাহজাদাপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শাহজাদাপুর চক বাজার এলাকায় একটি প্রভাবশালী মহল ১নং খাস খতিয়ানভুক্ত জায়গা দখল করে রাখে। দখলকৃত জায়গায় আধাপাকা ও টিনশেড ঘর তৈরি করে মোটা অঙ্কের জামানত নিয়ে মাসিক ভাড়ায় দোকান বরাদ্ধ দিয়ে বাণিজ্য করছে। এক বছর আগে ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় প্রশাসন। ফের সেই জায়গা দখল নেয় প্রভাবশালী মহলটি। জেলা প্রশাসন সম্প্রতি সরকারি জায়গার দখল ছাড়ার জন্য কয়েক দফা নোটিশ দিলেও আমলে নেয়নি দখলদাররা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি জায়গার ছোট বড় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়।
 
সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাইনুল আবেদীন বলেন, দখলদাররা সরকারি নির্দেশ অমান্য করেছে। আবার দখল করলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।