নাশকতার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং মির্জা আব্বাসসহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লাহ এ অব্যাহতির আদেশ দেন। একই আদেশে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
বিএনপির অন্য যেসব নেতাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাদের মধ্যে আছেন- যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা সাইফুল আলম নিরব, আবদুস সালাম, সালাউদ্দিন আহম্মেদ, ওবাইদুল হক, মহিদুল ইসলাম হিরু, জামায়াত নেতা ডা. শফিকুর রহমান ও ড. শফিকুল ইসলাম মাসুদ।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করতে ঘোষিত হরতাল চলাকালে আসামিরা ৩ জানুয়ারি রমনা থানাধীন পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে আগুন ধরে যায়। ওই ঘটনায় বাসযাত্রী শাহীনা আক্তার ও ফরিদ মিয়া মারা যান। বাসচালক বাবুল মিয়া গুরুতর আহত হন। বিষয়টি নিয়ে রমনা থানার এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। ফোকাস বাংলা।