সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ।
ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-গণ যোগাযোগ সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল ও ছাত্রলীগের নির্বাহী কমিটির সহ-সভাপতি সাকিব হাসান সুইমের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুর ১২টায় এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সঙ্গে সাক্ষাৎ করে সংঘর্ষের ব্যাপারে কথা বলেন। পরে প্রতিনিধিদলের সদস্যরা কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় গিয়ে সংঘর্ষের ব্যাপারে কথা বলেন।
এর আগে বৃহস্প্রতিবার সকালে প্রতিনিধিদল সিলেট এসে পৌঁছে। দুদিনের তদন্তকাজ শেষে প্রতিনিধিদল শনিবার কেন্দ্রে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর ভিত্তিতেই পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বলে জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।