চকরিয়ায় গুলি করে বন্যহাতি হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার পুর্ণগ্রামে রাতে আঁধারে একটি বন্যহাতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্ণগ্রাম বনবিটের কুমিরছড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। এ ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বনবিভাগের কর্মকর্তারা মৃত হাতিটি উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে বনাঞ্চলের ভেতর হাতির মরদেহটি পুতে ফেলা হয়েছে।
 
কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা মো. আবু তাহের বলেন, বুধবার রাতে দুর্বৃত্তরা গুলি করে হাতিটিকে হত্যা করেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।
 
খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, কয়েক মাস ধরে বন্যহাতির পাল ইউনিয়নের পাহাড়ি জনপদ পুর্ণগ্রামের লোকালয়ে বারবার হানা দিচ্ছে। এতে ওই এলাকার জনগণ অনেকটা অতিষ্ট হয়ে পড়েছেন।
 
কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও কেরামত আলী মল্লিক বলেন,  এ ঘটনায় জড়িতদের চিহিৃত করে বনবিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।