চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহীদুর রহমান বলেন, উপজেলার গড়দুয়ারা এলাকার এক বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে চারটি সেমিপাকা ঘর পুড়ে গেছে।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি জানিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য শাহীদুর বলেন, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।