জামালপুরে বোমা বিস্ফোরণে ৪ শ্রমিক আহত

জামালপুর শহরের বনপাড়ায় বোমার বিস্ফোরণে ৪ মাটিকাটা শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল  ৪টার দিকে শহরের বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বনপাড়ার পৌর কবরস্থানের পাশে রেললাইন এলাকায় পুকুরের মাটি কাটছিলেন শ্রমিকরা। মাটিকাটার সময় কোদালের আঘাতে বিকট শব্দে একটি পরিত্যক্ত বোমার বিস্ফোরণ ঘটলে ৪ শ্রমিক আহত হন। আহত শ্রমিক সাইদুর, আব্দুর রহিম, রফিকুল ও হজিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি জামালপুর সদরের সাতপাইকা চর এলাকায়। পরে আহতদের মধ্যে সাইদুরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে শ্রমিকরা আহত হয়েছেন।