রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় কুলসুম (১৯) নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। এদিকে বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্টে বজলু শিকদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত কুলসুমের বাবা মো. আমিরুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বলেন, তালতলার রিয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন কুলসুম। একই এলাকার একটি অ্যাম্ব্রয়াডারি (কাপড়ে নকশা করা) প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন। বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের কেউ ফোন করে কুলসুমকে বাসা থেকে ডেকে নেন। পরে দুপুরে সেখানকার এক কর্মী ফোন করে আমিরুলকে ওই প্রতিষ্ঠানে যেতে বলেন। তিনি পৌঁছে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। এ সময় তাকে বলা হয়, কুলসুম গলায় ফাঁস দিয়েছেন। পরে বিকাল ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, আরও আগেই তার মৃত্যু হয়েছে। আমিরুলের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করেননি। কোনো কারণে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এদিকে বনশ্রীর দুই নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে বিদ্যুৎস্পৃষ্টে বজলু শিকদার নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বজলু ভবনটির নিরাপত্তাকর্মী ছিলেন।
প্রতিবেশীরা জানান, বাড়ির ফোয়ারায় বিদ্যুৎ সংযোগের মেরামত করতে গেলে তিনি বিদ্যুৎস্পর্শে আহত হন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।