কুষ্টিয়ার মিরপুরে ইউপি নির্বাচন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ৫৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, জাসদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাড়াও অংশগ্রহণকারী দলগুলোর একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিলেও সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি থেকে কেউ চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর  প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেয়নি।
নির্বাচনে অংশ না নেয়ায় এখানকার নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলা জাপার শীর্ষ নেতাদের উপর চরমভাবে ক্ষুব্ধ। এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার শাহজাহান আলী দুদু ও যুগ্ম সাধারন সম্পাদক এম রবিউল হক রবি অভিন্নকন্ঠে এ প্রতিনিধিকে বলেন, মিরপুর উপজেলা এক সময় জাতীয় পার্টির দুর্গ ছিল। যার ফলশ্রুতিতে এখান থেকে ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে বিপুল ভোটে আহসান হাবীব লিংকন সংসদ সদস্য হয়েছিলেন। এবার আমরা সাংগাঠনিকভাবে দুর্বলতা ও কৌশলগত কারনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নেয়ায় নেতা-কর্মীদের প্রশ্নবানে জর্জরিত হচ্ছি। তবে অচিরেই জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মহাম্মদ এরশাদের নের্তৃত্বে সংগঠিত হয়ে আগামী সকল নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে।