মির্জাপুরে সড়ক দুর্ঘটনা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরনীতে মালবাহী দুইটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
 
ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অন্তত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
 
নিহত হেলপারের নাম মো. জুয়েল মিয়া (২৫)। তিনি নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম মাইচতারা গ্রামের  মো. ফরিদ মাস্টারের ছেলে।
 
মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন মাস্টার মো. আতাউর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে কুরনীতে মহাসড়কের ওপর দাঁড়ানো একটি বালিভর্তি ট্রাককে পেছন দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুমরে মুচরে যায়। পরক্ষণেই পেছন দিক থেকে অপর একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনটি ট্রাকই দুমরে মুচরে যায়।ঘটনাস্থলে ট্রাকের হেলপার জুয়েল মারা যান। 
 
পুলিশ, ফায়ার সার্ভিাসের কর্মী ও স্থানীয় লোকজন গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতাল সুত্র জানিয়েছে, ভর্তিকৃত চার জনের মধ্যে দুই জনের অবস্থা খুবই আশংকাজনক। 
 
ঘটনার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
 
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।