নেক্সাস স্মার্টফোনের পরবর্তী সংস্করণ তৈরি করবে এইচটিসি। এ নিয়ে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির সাথে এক চুক্তি করেছে সার্চ জায়ান্ট কোম্পানিটি। প্রযুক্তিবিশ্বে এমন এক গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। সূত্র- ইউবার গিজমো।
সর্বশেষ গুগল ডিভাইস ‘নেক্সাস ৫এক্স’ ও ‘নেক্সাস ৬পি’ যথাক্রমে তৈরি করেছে এলজি ও হুয়াওয়ে। এছাড়া এর আগে নেক্সাস ফোন তৈরি করেছে স্যামসাং ও মটোরোলা। ২০১০ সালে এইচটিসিও একটি নেক্সাস স্মার্টফোন তৈরি করে। এবার আবারও নেক্সাস স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে এইচটিসি।
অসমর্থিত সূত্রে পাওয়া তথ্যে এমন গুঞ্জন চীনা ওয়েবসাইটগুলোতে ডালপালা মেললেও এ নিয়ে এখনো কিছু বলেনি এইচটিসি বা গুগল।
চীনা ওয়েবসাইটগুলোর দাবি, আগামী তিন বছরের জন্য গুগলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এইচটিসি। ওই তিন বছরে যথাক্রমে অ্যান্ড্রয়েড এন, অ্যান্ড্রয়েড ও এবং অ্যান্ড্রয়েড পি আসবে। সুতরাং ওই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তিনটি নেক্সাস ফোন তৈরি করবে এইচটিসি।