ভারতীয় রুপিসহ কাস্টমসের ২ সিপাহী আটক

ভারতীয় রুপিসহ কাস্টমসের দুই সিপাহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোয়েন্দা সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার আট শ রতীয় রুপি জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, ভোমরা কাস্টমসের সিপাহী ফিরোজ হোসেন ও আব্দুল মতিন।
 
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা বন্দরের জিরো পয়েন্ট থেকে  চাঁদা আদায়কালে তাদের আটক করা হয় । 
 
বন্দর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার ভারত থেকে প্রায় ৩০০ মালবাহী ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করে। আটকরা প্রতি ট্রাক থেকে ২০-৩০ ভারতীয় রুপি চাঁদা আদায় করে। চাঁদা আদায়ের বিষয়টি বিজিবির গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপনে নজরদারি করতে থাকে।
 
ভোমরা বন্দরের সহকারী কমিশনার (শুল্ক) শরিফ আল আমিন জানান, কাস্টমসের দুই সদস্যকে বিজিবির গোয়েন্দা বিভাগ আটক করেছে।
 
ভোমরা বিজিবি ব্যাটালিয়নের সুবেদার হুমায়ন কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদেরঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়েছে। কাস্টমস আইনে তাদের বিচার হবে।