কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামের নোয়াহাটি এলাকার সৌদি প্রবাসী ময়নাল হোসেনকে স্ত্রীর ভাড়াটে খুনিরা হত্যা করেছে। ময়নাল উপজেলার আকুবপুর গ্রামের ফুল মিয়া হাজীর ছেলে।
বৃহস্পতিবার বিকালে ৮ নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহদ বিন আমীন চৌধুরীর আদালতে স্ত্রী তাছলিমা বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
জবানবন্দিতে তাসলিমা জানান, ‘গত বছরের ১ নভেম্বর গভীর রাতে পাঁট লাখ টাকার চুক্তিতে ছয়জন সন্ত্রাসীকে ভাড়া করা হয়, এর মধ্যে রাতেই তিন লাখ টাকা পরিশোধ করার পর সন্ত্রাসীরা কৌশলে ওই প্রবাসীকে তার শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে বাড়ির অদূরে খাল পাড়ে নিয়ে হত্যা করে লাশ সেখানে ফেলে দেয়। ঘটনার পর ৭ নভেম্বর তাসলিমা তার স্বামী নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি জানান, বিদেশ থেকে পাঠানো স্বামীর অর্থ দিয়ে স্ত্রীর নামে কেনা সম্পত্তি এবং স্ত্রীর পরকীয়ার বিষয়ে সন্দেহ থেকেই দাম্পত্য কলহ দেখা দেয়। এর জেরেই ওই প্রবাসী খুন হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জিডির সূত্র ধরে তদন্ত শুরু করলেও ঘটনার রহস্য উন্মোচন করা যায়নি। চলতি বছরের ৮ মার্চ প্রবাসীর স্ত্রী এবং পর দিন তার প্রেমিক শরীফুল ইসলামকে গ্রেফতারের পরই বেড়িয়ে আসে ওই হত্যাকাণ্ডের রহস্য।