অসহিষ্ণুতা নিয়ে কথা বলে ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্রোগ্রাম থেকে ছিটকে গেছেন। সমালোচিত হয়েছেন তুমুলভাবে। কিন্তু খুব বেশি সংখ্যক মানুষকে পাশে পাননি। দেরিতে হলেও আমির খানকে সমর্থন জানিয়েছেন কারিনা কাপুর। সূত্র- হিন্দুস্তান টাইমস।
তিনি জানিয়েছেন, অসহিষ্ণুতা প্রসঙ্গে আমির খান কোনো ভুল মন্তব্য করেননি। শুধু ব্যক্তিগত আশংকার কথাই প্রকাশ করেছেন।
একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ‘থ্রি ইডিয়টস’র নায়ককে সমর্থন করে ওই ছবির এই নায়িকা বলেন, ‘আমির অসহিষ্ণুতা প্রসঙ্গে কেবল ব্যক্তিগত আশংকাই প্রকাশ করেছেন। কারো ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না। এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় পরে আমির তার মন্তব্য ব্যাখ্যাও করেন। ভারতের মানুষ বড্ড বেশি আবেগপ্রবণ। কোনো মতামত ঘিরে তাই এত বেশি উত্তেজনা তৈরি হয়।’
আমিরের মন্তব্যের পর পাঁচ মাস কেটে গিয়েছে। হঠাৎ এখন কেন এই সমর্থন? কারিনার ব্যাখ্যা, ‘কেউ প্রশ্ন করলে নিশ্চয় অভিমত জানাতাম। কিন্তু কেউ কিছু জিজ্ঞেসই করেননি! তাছাড়া, আমি টুইটারেও নেই। রোজ সকালে টুইট করি না বলে অনেকে ভাবেন, আমি দেশের কোনও খবর রাখি না। কিন্তু আমি অত্যন্ত সমাজ সচেতন।’
অসহিষ্ণুতার বাড়াবাড়ি ঠেকাতে দ্বিমুখী সমাধানের পথ বাতলে দিয়েছেন ‘থ্রি ইডিয়টস’ এর নায়িকা। তার মতে, সবচেয়ে জরুরি হল শিক্ষার বিস্তার। দেশে কী ঘটছে, তা নির্ভুলভাবে দেশের মানুষকে জানতে হবে।
গত নভেম্বরে একটি অনুষ্ঠানে আমির বলেন, ‘আমার স্ত্রী কিরণ জিজ্ঞাসা করছিল, আমাদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কিনা। প্রত্যেকদিন সকালে খবরের কাগজ খুলতে তার ভয় লাগে। দেশে অসহিষ্ণুতা বাড়ছে।’
এই মন্তব্যের পর ভারতজুড়ে রোষের মুখে পড়েন আমির।