ইউপি ভোট: হিন্দুদের উপর হামলার শঙ্কা

 
প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে হিন্দুদের উপর হামলার আশঙ্কা জানিয়ে তাদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনের মুখপাত্র পলাশ কান্তি দে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাদের শঙ্কার কথা তুলে ধরেন।
 
তিনি বলেন, ‘সামনে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন। অতীতের মতোই এবারও হিন্দু সমপ্রদায়ের মঠ, মন্দির, ঘরবাড়ি, প্রতীমা ভাঙচুর এবং নারীর উপর অত্যাচার-নির্যাতন হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’
 
হিন্দুদের নির্বাচনকেন্দ্রীক অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে পলাশ বলেন, ‘নির্বাচন এদেশের হিন্দু সমপ্রদায়ের কাছে নির্যাতন। নির্বাচন এলে নির্যাতন মহোত্সবে পরিণত হয়।’
 

নির্বাচনে কেউ হারবে কেউ জিতবে- এই সত্যকে মাথায় রেখে প্রতিদ্বন্দ্বিতায় নামতে সবার প্রতি আহ্বান জানিয়ে পলাশ বলেন, ‘নির্বাচনে হেরে গেলে হিন্দু সমপ্রদায়ের মঠ, মন্দির, ঘর-বাড়ি, প্রতীমা ভাঙচুর ও নারীর উপর অত্যাচার-নির্যাতন করতে হবে- এটা মোটেই কাম্য নয়।’