ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশ হেফাজতে কাজল মন্ডল নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তিনি কুষ্টিয়ার কুমার খালী উপজেলার পান্টি ইউনিয়নের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থানার রাজাপুর গ্রামের বাসিন্দা। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে টহল পুলিশ উপজেলার শেখপাড়া বাজার থেকে তাকে মাদকসেবী সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে থানা হাজতে কাজল গলায় লুঙ্গি পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তৎক্ষণাৎ পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। দুপুরে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।