চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বুলবুলি (১২) নামের এক গৃহকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই কিশোরী হাজারি গলি এলাকায় সুবিমল দাশ নামের এক ব্যক্তির বাসায় গত কয়েক বছর ধরে কাজ করে আসছিল।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি বলছেন, 'রাতে ওই এলাকার নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে বুলবুলি লাফিয়ে পড়ে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে জানিয়েছে।'
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ পাওয়ার পর ওই ভবনে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে কাউকে দেখা যায়নি।