'বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত জ্ঞানের কোন বিকল্প নেই'

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'ন্যাশনাল ডিফেন্স কলেজ কর্তৃক পরিচালিত ক্যাপস্টন সামাজিক কোর্স দেশের নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ কৌশলগত প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে বেসামরিক এবং সামরিক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞান অন্মেষণ করা সম্ভব।'
 
স্পিকার বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে দুই সপ্তাহব্যাপী ক্যাপেস্টন সামাজিক কোর্স- ২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এইকথা বলেন।
 
স্পিকার কোর্স সম্পন্নকারী ফেলোদেরকে স্বাগত জানিয়ে বলেন, 'বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত জ্ঞানের কোন বিকল্প নেই। এ প্রতিষ্ঠান থেকে জ্ঞানার্জনের মাধ্যমে শুধুমাত্র দেশ গঠন নয় বরং দেশকে এগিয়ে নিতে সামরিক ও বেসামরিক জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরী সম্ভব। এর ফলে বহুমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের মধ্যে বিশেষায়িত জ্ঞান উন্নয়নের একটি ক্ষেত্র তৈরী হবে ।'
 
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হলে কলেজের কমান্ড্যান্ট তাকে স্বাগত জানান। অনুঠানে বক্তাগণ সামরিক ও বেসামরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সকলের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে: জে: চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম, ফ্যাকাল্টি মেম্বরগণ, ৮ জন সংসদ সদস্যসহ ৩৪ জন ফেলো, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।