ভারতের ইসরোর উপগ্রহের সফল উৎক্ষেপণ

ভারত তাদের ষষ্ঠ নেভিগেশন উপগ্রহ 'আইআরএনএসএস-ওয়ান এফ' সফলভাবে উৎক্ষেপণ করেছে। এর ফলে দেশটি জিপিএস প্রযুক্তিতে আরো স্বনির্ভর হয়ে উঠবে এবং কমে আসবে আমেরিকার ওপর নির্ভরতা।
 
বৃহস্পতিবার বিকেলে শ্রীহরিকোটায়, সতীশ ধবন মহাকাশ স্টেশন থেকে পিএসএলভি-সি-৩২ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হল প্রায় দেড় হাজার কেজি ওজনের সাড়ে ৪৪ মিটার লম্বা ইসরোর ষষ্ঠ নেভিগেশন উপগ্রহ 'আইআরএনএসএস-ওয়ান এফ'কে। এই উপগ্রহটির আয়ু ১২ বছর।
 
জিপিএস প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করে তুলতেই এই ষষ্ঠ নেভিগেশান উপগ্রহটিকে কক্ষপথে পাঠাল ইসরো। এর আগে ইসরো মহাকাশে পাঠিয়েছে এমন আরো পাঁচটি নেভিগেশান উপগ্রহ। এই পর্যায়ের মোট সাতটি উপগ্রহ মহাকাশে পাঠানোর কথা ইসরোর।
 
দেশের শীর্ষ মহাকাশ গবেষণা সূত্রের খবর, এই মার্চের শেষ নাগাদ সপ্তম নেভিগেশান উপগ্রহটিকেও কক্ষপথে পাঠানো হবে। ইসরোর এই ষষ্ঠ নেভিগেশান উপগ্রহটিতে রয়েছে রুবিডিয়ামে বানানো একটি 'অ্যাটমিক ক্লক' বা পরমাণু ঘড়ি।
 
এই উপগ্রহটির পাঠানো তথ্য স্মার্ট ফোনেও দেখা যাবে। সীমান্তের যে কোনও দিকে দেড় হাজার কিলোমিটারেরও বেশি এলাকায় এই উপগ্রহের নেভিগেশন ব্যবস্থা কার্যকরী থাকবে। খবর- এনডিটিভি।