ভারতে চলমান ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিতই ছিল পাকিস্তান। দেশটির সরকার সবুজ সংকেত দিলেও ভারতের সরকারের কাছ থেকে তেমন কোনো আশ্বাস পাচ্ছিলো না টি-টোয়েন্টির বিশ্বকাপ জেতা দলটি।
তবে এবার পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে আলাদা দুটি চিঠি পেয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। কলকাতাতে পাকিস্তান ক্রিকেট দলকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে, এমনটাই উল্লেখ সেই চিঠিতে।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার রাজিব কুমারের তরফ থেকে আইসিসির কাছে এই চিঠি দুটি হস্তান্তর করেন সিএবি'র (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
চিঠিতে উল্লেখ আছে, 'কলকাতাতে অবস্থানকালীন সময়ে পাকিস্তানের পুরুষ এবং নারী ক্রিকেট দলের নিরাপত্তার সমস্ত দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের।'
অন্যদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার বলেছিলেন, 'যে কেউ ভারতে আসলে নিরাপত্তা দেওয়া হবে। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।'
বৃহস্পতিবার হঠাৎই পাকিস্তানের কিছু গণমাধ্যম জানায়, বিশ্বকাপ খেলতে শুক্রবার ভারত যাচ্ছে শহিদ আফ্রিদির দল। এমন সংবাদ অবশ্য ভারতের কিছু সংবাদমাধ্যমও জানিয়েছিল। কিন্তু এর কিছুসময় পার না হতেই পাকিস্তান সরকার বিষয়টি উড়িয়ে দেয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনো ভারতে যাওয়ার অনুমতি দেয়নি ক্রিকেট দলকে।
টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১৯ মার্চ ধর্মশালায় স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ধর্মশালায় পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ঘাটতি থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবি মেনে নিয়ে ভেন্যু পরিবর্তন করে। ম্যাচটি এখন কলকাতার ইডেন গার্ডেনে স্থানান্তর করেছে সংস্থাটি।