খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রর পুরস্কার বিতরণী উৎসব

 
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর পর এবার খুলনা মহানগরীতে অনুষ্ঠিত হলো বিশ্বসাহিত্য কেন্দ্রর দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের (বইপড়া কর্মসূচি) পুরস্কার বিতরণী উৎসব।
 
এ উপলক্ষে শুক্রবার মহানগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বসেছিল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের প্রাণের মেলা। অনুষ্ঠানের শুরুতে সকালে ফুলের মালা কেটে উৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
 
গ্রামীণফোনের সহযোগিতায় অনুষ্ঠিত দুই পর্বের এই পুরস্কার বিতরণী উৎসবে ২০১৫ শিক্ষাবছরে বইপড়া কর্মসূচিতে ছাত্রছাত্রীদের উৎকর্ষতার পরিচয় দেয়ার জন্য মহানগরীর ৪৫টি বিদ্যালয়ের তিন হাজার ৪২১ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
 
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি জনাব মাহবুব জামিল ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, 'সবাই মিলে কাজ করলে আমরা বাংলাদেশকে সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে পারবো। এ জন্য আমাদের আলোকিত মানুষ হতে হবে। আলোকিত মানুষ হওয়ার জন্য আমাদের পড়তে হবে, জানতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, জানার কোনো শেষ নেই, তাই পাঠ্য বইয়ের পাশাপাশি  আরো বই পড়তে হবে। এতে করে তোমাদের মধ্যে আলোর বিচ্ছুরণ ঘটবে। তোমরা আলোকিত হলেই আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের আলোকিত মানুষ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।'
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক জনাব টি.এম জাকির হোসেন; খুলনা সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লায়লা আরজুমান; দুইবারের এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি জনাব এম এ মুহিত; গ্রামীণফোনের খুলনা অঞ্চলের এরিয়া ম্যানেজার জনাব ইকবাল মাহমুদ প্রমুখ।
 
IMG0
পর্বতারোহী এম এ মুহিত উপস্থিত শিক্ষার্থীদের এভারেস্ট বিজয়ের গল্প বলে তাদের উদ্বুদ্ধ করেন। পাশাপাশি বই পড়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমি এভারেস্ট জয় করেছি, তোমরাও প্রত্যেকেই এভারেস্ট জয় করতে পারবে। প্রত্যেকের স্বপ্নই হলো এক একটি এভারেস্ট, তোমাদের স্বপ্নই হলো তোমাদের এভারেস্ট। সেই স্বপ্ন পূরণের মাধ্যমে তোমরা তোমাদের এভারেস্ট জয় করতে পারবে।
 
তিনি আরো বলেন, সাহসী মানুষ কখনো দুর্নীতি করে না, নারী নির্যাতন করে না। সাহসী তরুণরা ইভটিজিং করে না, ধুমপান করে না, মাদক সেবন করে না। যারা এইসব করে, তারা কাপুরুষ। কাপুরুষরা কখনোও দেশপ্রেমিক হতে পারে না। বড় মানুষ হতে পারে না। দেশপ্রেমিক ও বড় মানুষ হতে হলে বেশি বেশি বই পড়তে হবে। আলোকিত মানুষ হতে হবে।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ডেপুটি টিম লিডার (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।