পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে দলীয় ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার নির্বাচনের এই ভোট যুদ্ধে উন্নয়নকে ইস্যু করছে দলটি। আগামী পাঁচবছর বিভিন্ন খাতে কী কী উন্নয়ন তারই বিস্তারিত বিবরণ রয়েছে তাদের ইশতেহারে।
শুক্রবার বিকালে কলকাতার কালীঘাটের বাড়িতে ইশতেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এবার ভোট যুদ্ধে প্রচারের অভিমুখ উন্নয়নকে ঘিরেই। বিশেষ জোর দেয়া হয়েছে সৌন্দর্য বর্ধনের প্রকল্পগুলিতে।
ইশতেহার প্রকাশ করার সময় মমতার দাবি, তারা প্রতিশ্রুতি কম দিয়েছেন, কাজ বেশি করেছেন। উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা রয়েছে। অনেক অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। নির্বাচিত হতে পারলে গত পাঁচ বছরের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখারও ঘোষণা দেন তিনি।
মমতার দাবি, গর্ব করার মতো উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে। সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হবে কৃষকদের। তার মতে, সামাজিক ক্ষেত্রে যা উন্নয়ন হয়েছে তার তুলনা হয় না। শিল্প স্থাপন ও নব প্রজন্মের ওপর ভিত্তি করেই গড়ে উঠবে নব পশ্চিম বাংলা। সূত্র: জি নিউজ