নথি দাখিল না করায় জাদুঘরের তিন কর্মকর্তাকে তলব

আদালতের আদেশের পরেও নিয়োগ সংক্রান্ত নথিপত্র দাখিল না করায় জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম আজিজুর রহমান, ট্রাস্ট্রি বোর্ডের সদস্য সচিব ও মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী এবং সচিব ফারুক হোসেনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২১ মার্চ আদালতে হাজির হয়ে তাদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 
 
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
 
জানা গেছে, ২০১৩ সালের ৫ আগস্ট জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ১২টি ক্যাটাগরিতে ৩৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বাছাই কমিটি ২০১৪ সালের ৮ মার্চ ৩৫ জনকে নিয়োগের প্রস্তাব করে। জাদুঘরের বোর্ড অব ট্রাস্ট্রির এক সভায় এ বিষয়ে একটি মামলা থাকার কথা জানিয়ে প্রস্তাব অনুমোদন না করে নতুন বিজ্ঞপ্তি দিতে বলে। পরে গত বছরের ৩০ এপ্রিল জাদুঘর কর্তৃপক্ষ তিনটি পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। নতুন করে দেয়া এই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ সুবীর শিকদার (মুভি ক্যমেরাম্যান) ও সুস্মিতা বিশ্বাস (সহকারি কিপার, বিশ্ব সভ্যতা)। 
 
এতে বলা হয়, পরীক্ষায় প্রথম হওয়ার পর নিয়োগ বাছাই কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও ট্রাস্টি বোর্ডের এক সভায় তা বাতিল করে দেয়া হয়। যা বেআইনি। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত বছরের ২ জুন নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি রুল জারি করে। এর বিরুদ্ধে আপিল করে জাদুঘর কর্তৃপক্ষ। গত বছরের ১৩ ও ১৫ ডিসেম্বর আপিল বিভাগ জাদুঘর কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। ওই রুল শুনানির এক পর্যায়ে রিটকারী পক্ষ নিয়োগ সংক্রান্ত নথিপত্র তলব চেয়ে আদালতে গত ১৮ জানুয়ারি সম্পূরক আবেদন দাখিল করেন। ওই আবেদনের শুনানি নিয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে নথিপত্র আদালতে হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু তারা নথিপত্র দাখিল না করে জারি করা রুলের জবাব দাখিল করেন। 
 
আদালতের আদেশ অমান্য করায় বৃহস্পতিবার হাইকোর্ট ওই তিনজনকে তলব করে। আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী মো. একরামুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক উপস্থিত ছিলেন।