কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ মীর ফিদা হাসান সামদানী নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মহানগরীর ঢুলিপাড়াস্থ জানু মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে। বিকালে অস্ত্র আইনে তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
 
ডিবির এসআই মো. শাহ কামাল আকন্দ পিপিএম জানান, গ্রেফতারকৃত সশস্ত্র সন্ত্রাসী মীর ফিদা হাসান সামদানী দীর্ঘ দিন যাবৎ মহানগরী ছাড়াও আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে তাকে ঢুলিপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার ২ সহযোগি পালিয়ে যায়।
 
গ্রেফতারকৃত সামদানী মহানগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকার মীর আবদুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় চুরি ও ছিনতাইয়ের ৩টি মামলা রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।